
রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের সদস্যদের (রুকন) অংশগ্রহণে দিনব্যাপী একটি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) নগরীর একটি কনফারেন্স হলে আয়োজিত এ শিক্ষা শিবিরে আদর্শিক চর্চা, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ।
আলোচনায় বক্তারা বলেন, আদর্শ, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের সমন্বয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা গেলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। তারা কার্যকর নেতৃত্ব গড়ে তুলতে জ্ঞানচর্চা, ধৈর্য, নৈতিকতা এবং পরিকল্পিত কর্মপদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেন।
বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে দায়িত্বশীলদের আদর্শিক ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। পাশাপাশি প্রতিটি এলাকায় সুশৃঙ্খল দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মো. জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
শিক্ষা শিবিরে অংশগ্রহণকারীরা সংগঠনের আদর্শিক চর্চা জোরদার, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং জনসম্পৃক্ত কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করেন।
সৈয়দ মাসুদ, রাজশাহী 























