
জামালপুর-ময়মনসিংহ সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। পরিবার নিয়ে ঢাকার লালমাটিয়ায় বসবাস করতেন ছামিউল হক। ভোরে প্রাইভেটকারে করে ঢাকা থেকে জামালপুরে কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
স্থানীয়দের বরাতে জানা যায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ার পর সেটি সড়কের ওপর রেখে চালক ও সহকারী বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সহকারী জজ ছামিউল হকের মৃত্যু হয়।
দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ ও এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পর্কে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
অধিকার ডেস্কঃ 






















