
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় কথিত চক্রের মূলহোতা ‘খান সাহেব’ পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব।
আটক দুজন হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।
র্যাবের প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে জাল টাকা তৈরির কার্যক্রম চলার তথ্য পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানের সময় ওই বাড়িতে থাকা তৌসিকুল ইসলাম তোসিফ ও শামীম আলীকে আটক করা হয়। একই সঙ্গে কথিত চক্রের মূলহোতা ‘খান সাহেবকে’ আটক করতে বাড়িটিতে তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। র্যাবের ধারণা, অভিযানের উপস্থিতি টের পেয়ে তিনি আগেই সেখান থেকে চলে যান।
অভিযানে ৫০০ টাকা মূল্যমানের জাল নোটের ২৩টি এবং ২০০ টাকা মূল্যমানের দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পাশাপাশি জাল টাকা তৈরিতে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ ও কেমিক্যাল ভর্তি একটি ড্রাম জব্দ করা হয়েছে।
এ ছাড়া অভিযানে একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং, দুটি প্রিন্টারসহ জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, তদন্তের স্বার্থে এ মুহূর্তে অভিযানের সব তথ্য প্রকাশ করা সম্ভব হচ্ছে না। জাল টাকা তৈরির সঙ্গে আরও কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ 






















