
ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা লা লিগার নতুন মৌসুমের পর্দা উঠছে আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় দেপোর্তিভো আলাভেস ও গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশ ফুটবলের দীর্ঘ এই লড়াই। তবে উদ্বোধনী সপ্তাহে দেখা যাবে না লিগের দুই বড় দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে।
বার্সেলোনা তাদের লিগ অভিযান শুরু করবে ২৪ আগস্ট রাত দেড়টায় এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ২৩ আগস্ট রাত দেড়টায় এস্পানিওলের বিপক্ষে মাঠে নামবে। অ্যাথলেটিকো মাদ্রিদের প্রথম ম্যাচ ২০ আগস্ট রাত ১টায় মালাগার বিপক্ষে।
বিশ্বকাপের ব্যস্ততা শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দিতেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ প্রথম সপ্তাহের পর রাখা হয়েছে। ফলে লা লিগার শুরুতেই দুই জায়ান্টের লড়াই দেখতে অপেক্ষা করতে হবে সমর্থকদের।
বার্সার সামনে হ্যাটট্রিক শিরোপার চ্যালেঞ্জ
বার্সেলোনার জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের সামনে এবার বড় চ্যালেঞ্জ। একবিংশ শতাব্দীতে বার্সার হয়ে প্রথম দুই মৌসুমে লা লিগা জয়ের কীর্তি গড়া কোচদের মধ্যে পেপ গার্দিওলাই এখন পর্যন্ত টানা তিনবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন। ফ্লিক এবার সেই কীর্তির পুনরাবৃত্তি করতে পারেন কি না, সেটিই দেখার বিষয়।
তবে মৌসুমের শুরুতেই আক্রমণভাগ নিয়ে সমস্যায় পড়েছে বার্সা। দলটির অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি আর নেই। অন্যদিকে ফেরান তোরেসও পিএসজিতে পাড়ি জমিয়েছেন। আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সেই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি।
নতুন সেন্টার ফরোয়ার্ডের সন্ধানে কোচ ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো কাজ করছেন। কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে দলে আনার চেষ্টার কথাও রয়েছে। পাশাপাশি বার্সার আক্রমণভাগে লামিনে ইয়ামাল ও রাফিনহার মতো তারকারা আছেন। মিডফিল্ডে পেদ্রি, গাভি ও দানি ওলমোরাও দলের গুরুত্বপূর্ণ অস্ত্র। তরুণ প্রতিভা কুবার্সি এবং নতুন সংযোজন করিম আদিয়েমিও বাড়তি শক্তি দিতে পারেন।
শিরোপা পুনরুদ্ধারে মরিনহোর রিয়াল
বার্সেলোনার সম্ভাব্য হ্যাটট্রিক শিরোপা থামাতে রিয়াল মাদ্রিদও বড় প্রস্তুতি নিয়েছে। ১৩ বছর পর আবারও হোসে মরিনহোর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলবদলের বাজারেও মরিনহোর পরিকল্পনা অনুযায়ী বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে যুক্ত করেছে তারা।
চেলসি থেকে মার্ক কুকুরেয়া, লিভারপুলের ইব্রাহিম কোনাতে, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা এবং ইন্টার মিলানের ডেনজেল ডামফ্রিসকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে রিয়াল। এছাড়া লাইপজিগ থেকে তরুণ আইভরিয়ান প্রতিভা ইয়ান দিয়ামান্দেকে রেকর্ড ১৪০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে দলে নেওয়া হয়েছে।
রিয়ালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের জুটি ধরে রাখা। ভিনিসিয়ুসের নতুন চুক্তি নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হওয়ায় তাকে নিয়েই নতুন পরিকল্পনা সাজিয়েছে ক্লাবটি।
এমবাপ্পের সঙ্গে ভিনিসিয়ুস এবং ইংল্যান্ডের তারকা জুড বেলিংহাম—এই ত্রয়ীকে ঘিরেই রিয়ালের আক্রমণভাগের মূল পরিকল্পনা। গত বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সাত গোল করা বেলিংহামও দলের অন্যতম ভরসা। ফলে নতুন মৌসুমে বার্সেলোনার শিরোপা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর মিশনও লা লিগাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
অধিকার ডেস্কঃ 























