
রান্নাঘরে প্রতিদিনই নানা কাজে পেঁয়াজের ব্যবহার হয়। রান্নার পাশাপাশি সালাদ কিংবা ভর্তাতেও পেঁয়াজের প্রয়োজন পড়ে। তবে পেঁয়াজ কাটতে গেলেই অনেকের চোখ জ্বালা করে এবং অনিচ্ছায় চোখ দিয়ে পানি পড়তে থাকে। এর পেছনে রয়েছে পেঁয়াজের ভেতরে থাকা কিছু রাসায়নিক উপাদানের প্রতিক্রিয়া।
পেঁয়াজের কোষে সালফারযুক্ত যৌগ ও বিভিন্ন ধরনের এনজাইম থাকে। পেঁয়াজ অক্ষত অবস্থায় থাকলে এসব উপাদান আলাদা অবস্থায় থাকে। কিন্তু ছুরি দিয়ে কাটার সময় কোষগুলো ক্ষতিগ্রস্ত হলে উপাদানগুলো পরস্পরের সংস্পর্শে আসে। তখন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটি ঝাঁঝালো উদ্বায়ী পদার্থ তৈরি হয়।
এই পদার্থ বাতাসের সঙ্গে চোখে পৌঁছালে চোখের সংবেদনশীল অংশে জ্বালাপোড়ার অনুভূতি তৈরি হয়। চোখকে সুরক্ষিত রাখতে তখন ল্যাক্রিমাল গ্রন্থি থেকে অতিরিক্ত পানি নিঃসৃত হয়। এ কারণেই পেঁয়াজ কাটার সময় চোখে পানি চলে আসে।
তবে কয়েকটি সহজ কৌশল অনুসরণ করলে এই সমস্যা কিছুটা কমানো সম্ভব।
পেঁয়াজ ঠান্ডা করে নিন
পেঁয়াজ কাটার আগে ১০ থেকে ১৫ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা অবস্থায় পেঁয়াজ কাটলে ঝাঁঝালো রাসায়নিক পদার্থের বাষ্পীভবন কিছুটা কম হতে পারে। ফলে চোখে জ্বালাপোড়ার মাত্রাও কমতে পারে।
পানিতে ভিজিয়ে রাখুন
খোসা ছাড়ানোর পর পেঁয়াজ কিছু সময় পানিতে ডুবিয়ে রাখার আরেকটি উপায়। এতে পেঁয়াজ কাটার সময় তৈরি হওয়া কিছু রাসায়নিক উপাদান পানির সঙ্গে মিশে যেতে পারে। ফলে বাতাসে ছড়িয়ে চোখে পৌঁছানোর পরিমাণ কমার সম্ভাবনা থাকে।
ধারালো ছুরি ব্যবহার করুন
পেঁয়াজ কাটার সময় ভোঁতা ছুরির পরিবর্তে ভালোভাবে ধার দেওয়া ছুরি ব্যবহার করা যেতে পারে। ধারালো ছুরি দিয়ে তুলনামূলক পরিষ্কারভাবে কাটলে পেঁয়াজের কোষ কম ক্ষতিগ্রস্ত হয়। এতে ঝাঁঝালো পদার্থ তৈরির পরিমাণও কিছুটা কমতে পারে।
পেঁয়াজ কাটার সময় চোখে পানি পড়া স্বাভাবিক একটি রাসায়নিক প্রতিক্রিয়া। তাই পুরোপুরি বন্ধ না হলেও ঠান্ডা করে রাখা, পানিতে ভিজিয়ে নেওয়া এবং ধারালো ছুরি ব্যবহারের মতো সহজ কৌশলে অস্বস্তি কমানো সম্ভব।
অধিকার ডেস্কঃ 























