
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫১ জন রোগী। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৫৭ জন।
শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বর্তমানে হাসপাতালটিতে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে পুরুষ ৮৮ জন, নারী ২৮ জন এবং শিশু ১১ জন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৩ হাজার ৫১২ জন। এ সময়ে মারা গেছেন ২৯ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিছা বেগম, নান্দাইল উপজেলার ১৮ বছর বয়সী মিনহাজ এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪৫ বছর বয়সী মরিয়ম।
হাসপাতালের তথ্য অনুযায়ী, হারিছা বেগম ডায়াবেটিসজনিত কিটোঅ্যাসিডোসিস ও ডেঙ্গুজনিত রক্তক্ষরণজনিত শকে আক্রান্ত ছিলেন। মিনহাজের মৃত্যু হয় জটিল ডেঙ্গু, রক্তক্ষরণ এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুতর জটিলতার কারণে। আর মরিয়ম ডেঙ্গুর পাশাপাশি মস্তিষ্কে রক্তপ্রবাহে বাধাজনিত স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন জানান, রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জটিলতা দেখা দিলে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 

























