
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক পাকিস্তানকে টানা তৃতীয়বারের মতো হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রোববার নিজেদের পঞ্চম ম্যাচে পাকিস্তানকে ৩২ রানে পরাজিত করে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় বাংলাদেশের মেয়েরা।
এর আগে টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৩ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। তৃতীয় জয়ে স্বাগতিকদের বিপক্ষে হ্যাটট্রিক পূর্ণ করল দলটি।
পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে তারা। আগামী ১৬ অক্টোবর শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লঙ্কানরা। অন্যদিকে, পাঁচ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
সাদিয়ার ব্যাটে লড়াকু সংগ্রহ
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন মিডল অর্ডার ব্যাটার সাদিয়া ইসলাম। ৪৫ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। এ ছাড়া শিরিনা খাতুন ৩২ রান করে আহত অবসর নেন। নিশিতা আক্তার নিশি করেন ২০ রান এবং সাদিয়া আক্তার ১৪ রানে অপরাজিত থাকেন।
পাকিস্তানের তিন বোলার একটি করে উইকেট শিকার করেন।
বোলারদের দাপটে বাংলাদেশের জয়
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। ফলে ৩২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পাকিস্তানের হয়ে ওপেনার রাভাইল ফারহান ৩৬ এবং আকসা হাবিব ২৩ রান করেন। তবে তাদের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেনি।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। চার ওভারে ১৯ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। চার ওভারে ২১ রান খরচায় দুটি উইকেট নিয়ে জয়ে অবদান রাখেন নিশি। এ ছাড়া আফরিন মিম, জান্নাতুল ফেরদৌস ও তিথি দাস অপর্না একটি করে উইকেট শিকার করেন।
দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের ফারজানা ইয়াসমিন।
ফাইনাল নিশ্চিত হলেও লিগ পর্বে বাংলাদেশের আরও একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ১৪ অক্টোবর নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
অধিকার ডেস্কঃ 























