
সিলেটে সন্দেহজনক হাম রোগে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আদিল আহমদ নামের শিশুটির মৃত্যু হয়। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৪১ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
মৃত শিশু আদিল আহমদ সিলেটের জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী ১১০২
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৬ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন ভর্তি হয়েছে। এ ছাড়া রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, ধর্মপাশায় দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে তিনজন ভর্তি হয়েছে।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫১১ জন
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম নিয়ে ৫১১ জন চিকিৎসাধীন রয়েছে।
এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৭২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৩ জন, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, নর্থ ইস্ট মেডিকেলে তিনজন, পার্কভিউ মেডিকেলে ১২ জন এবং সিলেট উইমেন্স মেডিকেলে দুজন চিকিৎসাধীন।
এ ছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিশ্বনাথে ছয়জন, বিয়ানীবাজারে চারজন, গোলাপগঞ্জে ১৪ জন, ধর্মপাশায় দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন, বাহুবলে পাঁচজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিচ্ছে।
হাম ও সন্দেহজনক হামে মৃত্যুর হিসাব
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে সিলেটে ৭৫ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৬৮ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন, হবিগঞ্জে চারজন, মৌলভীবাজারে একজন এবং সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের দেওয়া হিসাব অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে সিলেটে ৭৮ জন, হবিগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে।
অধিকার ডেস্কঃ 






















