
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সেখানে ফিরেই শুক্রবার সন্ধ্যায় অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করেছেন তিনি।
সিন্ডিকেটের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মুঠোফোনে বার্তা পাঠিয়ে সদস্যদের সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সভায় যোগ দেবেন কি না, সে বিষয়ে একাধিক সদস্য নিশ্চিত করে কিছু জানাননি।
চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টায় তাঁকে অনলাইন সভায় ডাকা হয়েছে। তিনি ছুটিতে থাকায় সভায় অংশ নিতে পারবেন কি না, তা নিশ্চিত নন।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন জানান, উপাচার্য তাঁকে বার্তা পাঠিয়েছেন। তবে শুধু বার্তার মাধ্যমে সিন্ডিকেট সভা আহ্বান করা নিয়মসম্মত কি না, সে বিষয়ে তাঁর জানা নেই। তাঁর ভাষ্য, নিয়ম অনুযায়ী রেজিস্ট্রারের মাধ্যমে চিঠি পাঠিয়ে সভার আহ্বান জানানোর কথা।
এদিকে চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি আগেই রেজিস্ট্রারের পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে রেজিস্ট্রারের মাধ্যমে প্রচলিত প্রক্রিয়ায় সিন্ডিকেট সভা আহ্বান করা হয়নি বলে তিনি দাবি করেন।
সভা আহ্বানের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার চুয়েটের প্রশাসনিক ভবনে বিদ্যুৎবিহীন অবস্থায় টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় মুক্ত হন উপাচার্য। পরে জরুরি চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফেরার পর তাঁর সিন্ডিকেট সভা আহ্বানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়া ও সভা পরিচালনার নিয়ম নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সভা আহ্বানের বৈধতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অধিকার ডেস্কঃ 























