
দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে থাকা বগুড়া জেলার মানুষ এবার নতুন স্বপ্ন দেখছেন। স্থানীয়দের প্রত্যাশা, বহু সম্ভাবনাময় প্রকল্প এবার বাস্তবে রূপ নেবে এবং বগুড়া হয়ে উঠবে আধুনিক, শিল্পসমৃদ্ধ ও অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি জনপদ। এই প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শিকড় হওয়ায় বগুড়ার পরিচিতি দেশজুড়ে। বিএনপির সাংগঠনিক ভিত্তিও এখানে শক্তিশালী। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এই পরিচিতি উন্নয়নের সমান সুযোগে রূপ নেয়নি। গত দেড় দশকের বেশি সময়ে সম্ভাবনার তুলনায় উন্নয়ন ছিল অপ্রতুল। প্রতিশ্রুতি ও পরিকল্পনার কথা শোনা গেলেও এবং মন্ত্রী-এমপিরা পরিদর্শনে এলেও অনেক প্রত্যাশিত প্রকল্প বাস্তবায়িত হয়নি।
বগুড়ার সন্তান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর জেলার মানুষ নতুন করে আশাবাদী হয়েছেন। তাঁদের প্রত্যাশা, উন্নয়ন আর কেবল প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থাকবে না, দৃশ্যমান বাস্তবতায় রূপ নেবে।
উত্তরাঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র বগুড়া। কৃষিপণ্য উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, ব্যবসা ও যোগাযোগে জেলাটির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভৌগোলিক অবস্থান ও অর্থনৈতিক গুরুত্বের কারণে বগুড়াকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলার অর্থনীতিতেও গতি আনা সম্ভব। কিন্তু পর্যাপ্ত শিল্পকারখানা, উন্নত যোগাযোগব্যবস্থা, আধুনিক কৃষিপণ্য সংরক্ষণ সুবিধা এবং উচ্চশিক্ষার বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকায় সেই সম্ভাবনার পুরোটা কাজে লাগানো যাচ্ছে না।
তরুণদের বড় একটি অংশকে কর্মসংস্থানের জন্য ঢাকাসহ অন্যান্য এলাকায় যেতে হয়। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। তাই বগুড়াবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নবৈষম্যের ভিত্তিতে জেলাটিকে অগ্রাধিকার দেওয়া হোক এবং এটিকে উত্তরাঞ্চলের আধুনিক নগর ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক।
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবিগুলোর একটি হলো বিমানবন্দর বাণিজ্যিকভাবে চালু করা। ১৯৯৬ সালে সদর উপজেলার এরুলিয়ায় বিমানবন্দরের নির্মাণকাজ শুরু হয় এবং ২০০০ সালে তা শেষ হয়। তবে এত বছরেও সেখানে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চালু হয়নি। জানা গেছে, বর্তমান সরকারের উদ্যোগে এই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
আরেকটি গুরুত্বপূর্ণ দাবি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সরাসরি দ্রুতগামী রেলপথ নির্মাণ। দ্রুত কাজ শুরু হলে দূরত্ব ও সময় কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি হবে। এ রেলপথ কৃষিপণ্য, শিল্পের কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহনেও ভূমিকা রাখবে। তাই প্রকল্পের বাস্তবায়ন, অর্থায়ন ও নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি চান স্থানীয়রা।
বগুড়া বিসিক শিল্পনগরীতে নতুন প্লটের স্বল্পতা ও শিল্প সম্প্রসারণের সীমাবদ্ধতা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ রয়েছে। নতুন কারখানা স্থাপনের সুযোগ বাড়াতে দ্বিতীয় বিসিক শিল্পনগরী অথবা উপযুক্ত স্থানে পরিকল্পিত শিল্পাঞ্চল গড়ার দাবি উঠেছে।
ভারী শিল্পপার্ক, সার কারখানা ও অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করা হলে স্থানীয় কাঁচামাল ও কৃষিভিত্তিক উৎপাদনকে কাজে লাগানো সম্ভব হবে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি উত্তরাঞ্চলের কৃষি সম্ভাবনা এগিয়ে নিতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জানিয়েছেন তাঁরা। কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও জলবায়ু সহনশীল উৎপাদনব্যবস্থা সম্প্রসারণে এমন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে।
দীর্ঘ ৩৫ বছর পর বগুড়া থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। স্থানীয়দের ভাষ্য, শপথ নেওয়ার পর থেকে তিনি দপ্তরের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি মানুষের মাঝে গিয়ে উন্নয়ন কাজ তদারকি করছেন। তাঁর প্রচেষ্টায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পথ সুগম হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বগুড়ার ১৩তম উপজেলা হিসেবে মোকামতলা উপজেলা গঠনেও তাঁর ভূমিকা রয়েছে বলে স্থানীয়রা মনে করেন।
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়াকে মডেল জেলা হিসেবে গড়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়ে সেই পরিকল্পনার অনেকগুলো বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, বগুড়া বিএনপির ঘাঁটি হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে জেলাটি উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তিনি জানান, বিএনপি সরকার গঠনের পর বগুড়ার উন্নয়নে নতুন করে কাজ শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রীর বগুড়া সফরেও সেই অগ্রাধিকারের প্রতিফলন দেখা গেছে। বগুড়াকে নিয়ে প্রধানমন্ত্রীর আরও অনেক পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
অধিকার ডেস্কঃ 




















