
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। দিনের খেলা ৭০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান তুলেছে স্বাগতিক বাংলাদেশ। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে ৯৬ রানে অপরাজিত রয়েছেন সাদমান। আলোকস্বল্পতার কারণে প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে খেলা।
দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে দলীয় ৯ রানের মাথায় তানজিদ হাসানকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় স্বাগতিকরা। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হক ৫৯ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন। মুমিনুল ২৮ রান করে আউট হলে ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তবে সাদমানের সঙ্গে শান্তর জুটি বেশিদূর এগোয়নি। ৪২ বলে ১৯ রান করে জোমেল ওয়ারিকানের বলে এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নেওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যায়।
শান্তর বিদায়ের পর সাদমানের সঙ্গে জুটি বাঁধেন তাওহিদ হৃদয়। এক প্রান্ত আগলে রেখে ধীরে ধীরে ইনিংস এগিয়ে নেন সাদমান। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশতক। অন্য প্রান্তে তুলনামূলক দ্রুত রান তুলছিলেন হৃদয়। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে যোগ হয় ৬৭ রান।
চা বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৭ রান। তখন সাদমান ৭৯ এবং হৃদয় ৩৬ রানে অপরাজিত ছিলেন।
বিরতির পরও রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান দুই ব্যাটার। তবে ক্র্যাম্পের কারণে অস্বস্তিতে পড়েন হৃদয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও জশুয়া বিশপের ওভারে সিঙ্গেল নিতে গিয়ে আবারও ব্যথায় কাবু হয়ে পড়েন তিনি।
শেষ পর্যন্ত ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন হৃদয়। পরে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়। তাঁর জায়গায় ব্যাট করতে নামেন লিটন দাস।
এদিকে সাদমানের সামনে এখন টেস্ট ক্যারিয়ারের আরেকটি সেঞ্চুরির হাতছানি। তাঁর ব্যাটের দিকে তাকিয়ে বাংলাদেশের সমর্থকেরা।
অধিকার ডেস্কঃ 























