
পবিত্র হজ পালন করতে চলতি বছর সৌদি আরবে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ১৭ লাখ ৭ হাজার ৩০১ জন মুসল্লি। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর ১৬৫টি দেশ থেকে বিপুলসংখ্যক হজযাত্রী সৌদি আরবে গেছেন।
সৌদি আরবের সরকারি তথ্যের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মোট হজযাত্রীর মধ্যে বিদেশ থেকে গেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন। এছাড়া সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসকারী প্রায় ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন হজে অংশ নিয়েছেন।
গত বছরের তুলনায় এবার হজযাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছে। ২০২৫ সালে হজ পালন করেছিলেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসল্লি।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, এবারের হজে অংশ নেওয়া মুসল্লিদের মধ্যে পুরুষ হাজির সংখ্যা ৮ লাখ ৯৩ হাজার ৩৯৬ জন এবং নারী হাজির সংখ্যা ৮ লাখ ১৩ হাজার ৯০৫ জন।
বিদেশি হাজিদের বেশিরভাগই সৌদি আরবে পৌঁছেছেন আকাশপথে। পরিসংখ্যানে দেখা গেছে, ১৪ লাখ ৮৫ হাজার ৭২৯ জন বিমানযোগে সৌদিতে গেছেন। এছাড়া স্থলপথে ৫৪ হাজার ৪২৯ জন এবং সমুদ্রপথে ৬ হাজার ৪৯৭ জন হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করেছেন।
এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ মুসল্লি হজ পালন করতে সৌদি আরব গেছেন। এছাড়া ইরান থেকেও প্রায় ৩০ হাজার হজযাত্রী সৌদিতে অংশ নিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
হজের বিশাল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি আরব ব্যাপক প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এবারের হজে দায়িত্ব পালন করেছেন ৪ লাখ ৪১ হাজার ৪৯ জন কর্মকর্তা-কর্মচারী ও হজকর্মী। এছাড়া বিভিন্ন খাতে প্রায় ২৬ হাজার ৭০১ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক তথ্যের ভিত্তিতে এবারের হজযাত্রীদের পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।
সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে, হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে নেওয়া নানা উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে। প্রবেশপথে অবকাঠামো সম্প্রসারণ, উন্নত জনসমাগম নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের কারণে হাজিদের অংশগ্রহণ বেড়েছে।
বিশেষ করে ডিজিটাল সেবা সম্প্রসারণ, স্মার্ট মনিটরিং, উন্নত লজিস্টিক ব্যবস্থা এবং বিভিন্ন বিভাগের সমন্বিত কার্যক্রম এবারের হজ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করেছে বলে দাবি সৌদি প্রশাসনের।
বিশ্বজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা পরিবর্তনের মধ্যেও মুসলমানদের মধ্যে হজ পালনের আগ্রহ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দৈনিক অধিকার ডেস্ক 






















