
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাস। প্রিয় দলের খেলা একসঙ্গে উপভোগ করতে বুধবার (১৭ জুন) ভোর ৭টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বড় এলইডি স্ক্রিনের সামনে জড়ো হন শত শত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রদলের সহযোগিতায় আয়োজিত এ বিশেষ সম্প্রচারে ভোর থেকেই দর্শকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা শুরু হওয়ার আগেই এলইডি স্ক্রিনের সামনে ভিড় জমে যায়। ম্যাচের প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত, আর্জেন্টিনার আক্রমণ ও গোলের সময়ে দর্শকদের করতালি, উল্লাস ও স্লোগানে প্রাণ ফিরে পায় পুরো ক্যাম্পাস।
দর্শকদের মতে, বড় পর্দায় একসঙ্গে খেলা দেখার অভিজ্ঞতা শুধু বিনোদন নয়, বরং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বন্ধন ও সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে বিশ্বকাপের আবেগ ভাগাভাগি করার সুযোগ তৈরি করেছে এই আয়োজন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চলমান বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচই ক্যাম্পাসে বড় এলইডি স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের পাশাপাশি আশপাশের এলাকার সাধারণ মানুষও বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করার সুযোগ পাচ্ছেন।
আয়োজকরা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। সেই লক্ষ্য থেকেই বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত সবার সঙ্গে ভাগাভাগি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিনই বিপুল দর্শক সমাগম প্রমাণ করে যে, বেরোবি ক্যাম্পাসে বিশ্বকাপ এখন শুধু একটি খেলা নয়, বরং এক মিলনমেলায় পরিণত হয়েছে।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধিঃ 
























