
রাজশাহীর মোহনপুরে উৎসবমুখর পরিবেশে ‘শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট’ সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে উপজেলার ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা দল ব্রাজিল দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয়। ধুরইল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উৎসাহ-উদ্দীপনায় মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত একমাত্র গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থকদের দলটি। পুরো খেলাজুড়ে দুই দলের সমর্থকরা মাঠে বিপুল উৎসাহে দলকে সমর্থন জানায়।
প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, সহনশীলতা, নেতৃত্বের গুণ এবং দলগত মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলতে সরকার শিক্ষা ও ক্রীড়া উভয় খাতেই কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে এমপি মিলন বলেন, মাদক সমাজ ও জাতির জন্য একটি মারাত্মক সমস্যা। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষকে একত্রে কাজ করতে হবে।
তিনি আরও জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচিতে খেলাধুলাকে বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি রয়েছে এবং সরকার তা বাস্তবায়নে কাজ করছে। সম্প্রতি পেশ করা বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট একটি বাস্তবসম্মত ও জনবান্ধব বাজেট, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বক্তব্য শেষে বিজয়ী আর্জেন্টিনা দল ও রানারআপ ব্রাজিল দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
ধুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজিম উদ্দিন, ধুরইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার কাজী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মোহনপুর থানার ওসি মিজানুর রহমান, মহিলা দলের সদস্য সচিব ববিতা মেম্বর, মহব্বতপুর-খানপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ রেজাউল করিম, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেল, যুবনেতা তুহিনুল ইসলাম চঞ্চল, যুবনেতা সাদিকুল ইসলাম, একরামুল হক রিপন, ধুরইল ইউপি ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেন, কৃষকদল আহ্বায়ক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সৈয়দ মাসুদ, রাজশাহী 




















