
বরিশালের গৌরনদীতে নিরাপদ সড়ক ব্যবস্থা ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে বিশেষ সচেতনতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘন, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) গৌরনদী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
অভিযান সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী অংশে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৬টি বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ছত্রাকযুক্ত ও মেয়াদোত্তীর্ণ দই বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে মোবাইল কোর্টের পাশাপাশি গৌরনদী হাইওয়ে পুলিশও পৃথকভাবে সড়কে অভিযান পরিচালনা করে। স্পিডোমিটার ব্যবহার করে যানবাহনের গতি পর্যবেক্ষণ এবং ট্রাফিক বিধি লঙ্ঘনের অভিযোগে ৭টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া হাইওয়ে পুলিশের পূর্ববর্তী মামলাসহ মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮৫ হাজার টাকা।
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি চালক ও পথচারীদের সচেতনতা বৃদ্ধি জরুরি। একইভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সৈয়দ নুর আহছান, বরিশাল 

















