
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির শক্ত অবস্থান ও দ্রুত তৎপরতায় শেষ পর্যন্ত ওই চেষ্টা ব্যর্থ হয়। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২০৩/৬-আর সংলগ্ন শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে সীমান্তের শূন্যরেখায় এনে রেখে যায়। তাদের উদ্দেশ্য ছিল এসব ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করা।
ঘটনার খবর পেয়ে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও টহল জোরদার করে। বিজিবির অবস্থানের কারণে ওই ২৮ জন বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাদিকুর রহমান জানান, বর্তমানে ওই ২৮ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখার মধ্যেই অবস্থান করছেন। তাদের আশপাশে কোনো বিএসএফ সদস্য নেই বলে তিনি নিশ্চিত করেন।
তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কড়া নজরদারি রাখা হচ্ছে।
বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদ্দাম হোসেন জানান, ভোরে ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি বিজিবির কড়া নিরাপত্তা ও টহল কার্যক্রম লক্ষ্য করেন। তবে শূন্যরেখায় অবস্থানকারী নারী, পুরুষ ও শিশুদের পাশে কোনো বিএসএফ সদস্যকে দেখা যায়নি।
হঠাৎ এ ধরনের পুশইন চেষ্টাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাঝরাতে এভাবে লোকজনকে শূন্যরেখায় এনে ফেলে রাখা মানবিক ও নিরাপত্তাজনিত উদ্বেগ তৈরি করেছে।
এদিকে বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।
ঘটনার পর পুরো সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
নিজস্ব প্রতিবেদকঃ 

















