
নওগাঁর পোরশা সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে ১৬ বিজিবির সদস্যরা। এ সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের কপালীর মোড় এলাকায় অভিযান চালিয়ে মাসুদ রানা (১৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ গুচ্ছ গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে।
বিজিবি সূত্র জানায়, নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার মেইন পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কপালীর মোড়ে রফিকের মিষ্টির দোকানের সামনে সন্দেহভাজন অবস্থায় অবস্থান করছিল মাসুদ। এমন তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার আমির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় মাসুদ রানার দেহ তল্লাশি করে ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী তছলিম (৩২) দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তছলিম স্থানীয় মনোয়ারের ছেলে বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় ভারতীয় মাদক পাচার ও বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি। স্থানীয়দের দাবি, সীমান্তপথে মাদকের প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানো জরুরি।
নাহিদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ 

















