
মাগুরা জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল্লাহ আল মাহমুদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নবনিযুক্ত জেলা প্রশাসক। সভায় তিনি সরকারি দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মোতাকাব্বীর আহমেদ বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। সরকারি সেবাকে আরও গতিশীল, সহজলভ্য ও জনবান্ধব করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক পরিবেশ গড়ে তোলা এবং সুশাসন প্রতিষ্ঠাই হবে তাঁর দায়িত্ব পালনের মূল অগ্রাধিকার।
সভায় উপস্থিত কর্মকর্তারা নবনিযুক্ত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদ দীর্ঘদিন ধরে সরকারি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে মাগুরার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
আফরিনা আমীন নদী, মাগুরা 

















