
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান ও সচিব — এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় বোর্ডের প্রশাসনিক কার্যক্রমে গভীর স্থবিরতা নেমে এসেছে। নিয়মিত দাপ্তরিক কাজ, আর্থিক লেনদেন অনুমোদন এবং চলমান এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনায় মারাত্মক বিঘ্ন ঘটছে বলে বোর্ড সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
বোর্ড সূত্রে জানা গেছে, চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ গত ২৩ মে অবসরে যান। এর আগে ১৩ মে সচিব শফিউদ্দিন শেখও অবসর গ্রহণ করেছেন। দুই শীর্ষ কর্মকর্তার বিদায়ের পর থেকে নতুন নিয়োগ না হওয়ায় প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, গুরুত্বপূর্ণ নথি অনুমোদন এবং নীতিগত বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। একাধিক প্রার্থী থাকায় নিয়োগ প্রক্রিয়ায়ও কিছুটা দেরি হচ্ছে বলে জানা গেছে।
বর্তমানে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। তবে পূর্ণাঙ্গ ক্ষমতাসম্পন্ন চেয়ারম্যান ও সচিব না থাকায় অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজ ধীরগতিতে চলছে।
জুন মাসের আর্থিক ক্লোজিং, কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রক্রিয়াকরণ, বিভিন্ন ফাইল নিষ্পত্তি এবং এইচএসসি পরীক্ষার দাপ্তরিক কার্যক্রমে উল্লেখযোগ্য চাপ ও বিলম্ব দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
বোর্ড বিশেষজ্ঞদের মতে, চেয়ারম্যান ও সচিব পদ দুটি শিক্ষা বোর্ড পরিচালনার মূল চালিকাশক্তি। এই পদে দক্ষ কর্মকর্তা না থাকলে আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে নীতিগত সিদ্ধান্ত পর্যন্ত সবকিছুতে স্বাভাবিক গতি ব্যাহত হয়।
বোর্ডের উপপরিচালক অধ্যাপক মো. এনামুল হক জানান, পদ দুটিতে অনেকেই আবেদন করেছেন, তবে নিয়োগের সুনির্দিষ্ট সময়সীমা এখনো জানা যায়নি।
শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহল দ্রুত যোগ্য কর্মকর্তা নিয়োগের দাবি জানিয়েছেন। বিশেষত এইচএসসি পরীক্ষার মতো স্পর্শকাতর সময়ে দীর্ঘ নেতৃত্বশূন্যতা শিক্ষার্থীদের স্বার্থে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। শিক্ষা মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিয়ে বোর্ডের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার করবে — এটাই সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।
শফিয়েল আলম সুমন, মযমনসিংহ প্রতিনিধিঃ 




















