
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকার বাজেট ঘোষণা করেছে। রোববার (২১ জুন) বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এই বাজেট উপস্থাপন করা হয়।
জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, এলজিইডি চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।
বাজেটের আয়-ব্যয়ের বিবরণ
ঘোষিত বাজেটে বিভিন্ন খাতে নিজস্ব আয় ধরা হয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা। সরকারি অনুদান থেকে আয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। অন্যান্য খাতে আয় ১ কোটি ৪৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৩০ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৭২ টাকা মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকা।
ব্যয়ের ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য সংস্থাপন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৪ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৭৪৫ টাকা। নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২৫৫ টাকা এবং সরকারি অনুদান থেকে উন্নয়ন খাতে বরাদ্দ ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। বিবিধ ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৩৬২ টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ২২ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার ৭১০ টাকা।
বৃক্ষরোপণ ও সোলার প্যানেল সংস্কারের উদ্যোগ
সভার বিবিধ আলোচনায় জানানো হয়, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চলতি বছর ১ হাজার ৫০০টি গাছের চারা রোপণ করবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে অকার্যকর হয়ে পড়া সোলার প্যানেলগুলো সংস্কার করে পুনরায় চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সভায় বাজেটের অর্থ সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ব্যয় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, জেলা পরিষদ প্রতিবছর উন্নয়নমূলক কাজের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে অনুদান প্রদান, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণ এবং দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে।
নিজস্ব প্রতিবেদকঃ 


















