
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়।
শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে সদর উপজেলার মহেশপুর এলাকার হযরত বেলাল (রা.) জামে মসজিদ প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএনসি সূত্র জানায়, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ঝুঁকি থেকে দূরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে জুমার নামাজ শেষে মুসল্লিদের হাতে মাদকবিরোধী বিভিন্ন বার্তা সম্বলিত লিফলেট তুলে দেওয়া হয় এবং মাদক প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণের সময় উপস্থিতদের উদ্দেশ্যে বলা হয়, মাদক কেবল একজন ব্যক্তির জীবনকেই বিপথে নেয় না; এটি একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত মুসল্লিরা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, “মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও সমান গুরুত্বের সঙ্গে চালিয়ে যাচ্ছে ডিএনসি। ভবিষ্যতেও জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”
ডিএনসির কর্মকর্তারা জানান, মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও জনসমাগমস্থলে পরিচালনা করা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ 



















