
ময়মনসিংহে আন্তর্জাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
শনিবার (৪ জুলাই) নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য দুটি স্থান ঘুরে দেখেন তারা। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পরিদর্শন দলের নেতৃত্ব দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিমুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম।
পরিদর্শনের সময় সম্ভাব্য স্থানগুলোর যোগাযোগ ব্যবস্থা, ভূমির উপযোগিতা, সরকারি ব্যয় সাশ্রয় নীতির সঙ্গে সামঞ্জস্য এবং ভবিষ্যৎ নগর উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেটসংলগ্ন দুটি স্থানকে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের জন্য প্রাথমিকভাবে বিবেচনা করা হচ্ছে। সরকারি ব্যয় সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে, যাতে উন্নয়ন কার্যক্রম টেকসই ও ব্যয়-সাশ্রয়ী হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানান, স্টেডিয়াম ও বিকেএসপির পাশাপাশি একই এলাকায় একটি পার্ক এবং নিরাময় কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এতে এলাকার অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের জন্য নতুন সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।
ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম নির্মিত হলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ বাড়বে। একই সঙ্গে স্থানীয় খেলোয়াড়রা আধুনিক প্রশিক্ষণ সুবিধা পাবেন।
এছাড়া ময়মনসিংহে বিকেএসপি প্রতিষ্ঠিত হলে বিভাগের প্রতিভাবান ক্রীড়াবিদদের উন্নত প্রশিক্ষণের জন্য রাজধানীর ওপর নির্ভরশীলতা কমবে। নিজ বিভাগেই তারা শিক্ষা, আবাসন ও পেশাদার প্রশিক্ষণের সুযোগ লাভ করবেন।
সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি বাস্তবায়িত হলে ময়মনসিংহের ক্রীড়া সম্ভাবনা আরও বিকশিত হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘদিন ধরে ময়মনসিংহবাসীর প্রত্যাশিত এ দুটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শিক্ষা ও কৃষির পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও ময়মনসিংহ নতুন পরিচিতি লাভ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 
























