
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চাঁদপুরে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের অভিযোগে দায়ের করা একটি মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।
অভিযোগপত্রে অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তাঁর ভাই ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
মঙ্গলবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৭ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মোক্তার আহমেদ পাটওয়ারী। এজাহারে ৩৫০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম জানান, গত ১৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্তে এজাহারভুক্ত ৫২ জনের বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত সম্পৃক্ততা পাওয়া যায়নি। এছাড়া ১৩ জনের পূর্ণাঙ্গ ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, সন্দেহভাজন তালিকা থেকে ১০ জনকে বাদ দেওয়া হয়েছে। একই ব্যক্তির নাম একাধিকবার অন্তর্ভুক্ত হওয়ায় ২০ জনের নামও তালিকা থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি এজাহারভুক্ত আসামিদের মধ্যে তিনজন ইতোমধ্যে মারা গেছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী এগিয়ে নেওয়া হবে।
অধিকার ডেস্ক: 























