
ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ (ওয়াহিদ) বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেরই একটি ধারাবাহিক পরিণতি। ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মীসহ সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান সফলতার মুখ দেখেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক সংস্কৃতি সমুন্নত রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, শিষ্টাচার এবং দায়িত্বশীল রাজনৈতিক চর্চার গুরুত্ব অপরিসীম। নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের প্রতি তিনি গণতান্ত্রিক মূল্যবোধ, সহনশীলতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান।
আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে উল্লেখ করে তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল দুই মাসের বিষয় নয়, বরং গত ১৬-১৭ বছরের সংগ্রামেরই ধারাবাহিকতা। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা যে সূচনা করেছিল, তা পরবর্তীতে দেশজুড়ে সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপ নেয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষ, নারী ও সরকারি কর্মচারীসহ সব শ্রেণি-পেশার অংশগ্রহণেই আন্দোলন সফল হয় এবং ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। অস্ত্র ছাড়াই এই আন্দোলনের বিজয় মানুষের অদম্য মনোবলের একটি বড় প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের যথাযথ মর্যাদা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি জুলাই যোদ্ধা ও শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন, আহতদের তালিকা সম্পন্ন করা এবং শহিদদের স্মরণে নামফলক স্থাপনের দাবিতে সমর্থন জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন বলেন, জুলাই আন্দোলনের চেতনা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের একক সম্পদ নয়, বরং এটি দেশের সব মানুষের অর্জন। তাই এই চেতনাকে বিভক্ত না করে ধারণ ও লালনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস বিকৃত না করে যথাযথভাবে মূল্যায়নের আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, সিটি করপোরেশনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 
























