
হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার রুকুনপুর বাজারের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নবীগঞ্জ উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) এবং দক্ষিণ গ্রামের কাশেম মিয়া (৫০)।
শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঢাকামুখী একটি পিকআপের সঙ্গে সিলেটমুখী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা মাওলানা মশহুদ আহাম্মদ ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় ময়না মিয়া ও কাশেম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। পরে দুটি যানবাহনই পুলিশের হেফাজতে নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
অধিকার ডেস্কঃ 






















