
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ ছয় আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ মামলাটির সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারিত ছিল। বিচারক মো. জাকারিয়া হোসেনের আদালতে এদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় দুদকের পাবলিক প্রসিকিউটর সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ৪ অক্টোবর নির্ধারণ করেন।
আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী মিয়া জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামিরা হলেন স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) ডা. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. দিদারুল ইসলাম।
এদিন কারাগারে থাকা আসামি সাহেদ করিমকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অন্য আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগ
২০২০ সালের ২৩ সেপ্টেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। পরবর্তী সময়ে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সাবেক স্বাস্থ্য ডিজি অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে লাইসেন্স নবায়ন না করা বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর, সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সরকারি প্রতিষ্ঠান নিপসমের ল্যাবে ৩ হাজার ৯৩৯ জন কোভিড রোগীর নমুনা বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করেন।
এ ছাড়া রোগীপ্রতি ৩ হাজার ৫০০ টাকা হিসেবে অবৈধ পারিতোষিক বাবদ মোট ১ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগও আনা হয়।
অভিযোগপত্রে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখার চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য কর্মীদের খাবারের খরচ বাবদ মাসে ১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার চাহিদা তুলে ধরা এবং সমঝোতা স্মারকের খসড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেওয়ার অভিযোগও রয়েছে।
২০২২ সালের ১২ জুন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটিতে এখন পর্যন্ত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
অধিকার ডেস্কঃ 























