
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীর শাস্তি মওকুফ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেটের একাধিক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে একই অভিযোগে বহিষ্কৃত ৩৩ শিক্ষার্থীর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় আন্দোলনবিরোধী অবস্থানের অভিযোগে ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও তাদের সনদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শাস্তি মওকুফ পাওয়া শিক্ষকদের মধ্যে বিভিন্ন বিভাগের একাধিক অধ্যাপক ও সহযোগী অধ্যাপক রয়েছেন। এছাড়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে ঘিরে ক্যাম্পাসে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এতে একদিকে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরতে পারে, অন্যদিকে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিষয়ে দ্রুত সিদ্ধান্তের দাবি জোরালো হতে পারে।
মোহাম্মদ সাদ, ইবি প্রতিনিধি(কুষ্টিয়া) 
















