
দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম আরও শক্তিশালী ও তদারকি জোরদারের লক্ষ্যে সব পেট্রোল পাম্পের জন্য একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দিতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধীনস্থ প্রতিটি পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ করবেন।
নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং নিয়মিতভাবে দৈনিক প্রতিবেদন জমা দেবেন।
এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্য দ্রুত জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে।
দৈনিক অধিকার ডেস্ক 























