
দেশের শিক্ষাঙ্গণে সহিংসতা ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত সন্ত্রাসবিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ।
সমাবেশে তিনি বলেন, বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারের লড়াই চললেও বাংলাদেশে শিক্ষাঙ্গণকে ঘিরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘাত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। ফ্যাসিবাদী মানসিকতা ও পেশিশক্তির প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, “যে রাজপথে ছাত্রসমাজ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই শক্তিকেই ভিন্ন খাতে প্রবাহিত করে আবারও দখল ও ভীতির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।” নিরাপদ শিক্ষাঙ্গণ গড়ে তুলতে সন্ত্রাসীদের স্পষ্টভাবে ‘না’ বলার আহ্বান জানান তিনি।
মুনতাছির আহমাদ শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি জাতির বিবেক গঠনের কেন্দ্র হিসেবে উল্লেখ করে বলেন, এখান থেকেই ভবিষ্যৎ নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতা বিকশিত হয়। কিন্তু বর্তমানে অনেক শিক্ষাঙ্গণে জ্ঞানচর্চার পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে সহিংসতা, ভয়ভীতি ও অস্ত্রের ঝনঝনানি। ছাত্র রাজনীতির আড়ালে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ক্যাম্পাসগুলোকে অস্থির করে তোলার অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি ঘোষণা দেন, শিক্ষাঙ্গণকে সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব পরিবেশে ফিরিয়ে আনতে ইসলামী ছাত্র আন্দোলন আপসহীন অবস্থানে থাকবে এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।
সমাবেশ থেকে নেতারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সচেতন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান—শিক্ষাঙ্গণ থেকে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একইসঙ্গে সব ছাত্রসংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও সহাবস্থানমূলক রাজনীতির চর্চায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সন্ত্রাসবিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন পালনের ঘোষণা দেওয়া হয়।
পদযাত্রা শেষে পল্টন মোড় ও সচিবালয় এলাকা হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ সম্পাদক আহমাদ শাফীসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
দৈনিক অধিকার ডেস্ক 

























