
স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিয়ে বড় কিছু করার। কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়ে ভবিষ্যতের পথচলা শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল অকালেই। মাদকের বিষাক্ত ছোবলে নিভে গেল এক তরুণ শিক্ষার্থীর জীবন। রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক কলেজছাত্রের মৃত্যুর ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মৃত শিক্ষার্থীর নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকায় বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শখের বসে বন্ধুদের সঙ্গে মদপান করেই বিপদ ডেকে আনেন জাহিদ। দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ্যপানের পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু বিষয়টি পরিবারে জানাজানি হওয়ার আশঙ্কায় হাসপাতালে ভর্তি হননি।
অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠলে আজ বুধবার(২৯ এপ্রিল) ভোরে বন্ধুরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, “জাহিদ নিয়মিত মদপায়ী ছিলেন না। শখের বশে বন্ধুদের সঙ্গে মদপান করেছিলেন। হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের বিষয়টি জানানো হয়। মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।”
ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।জাহিদের মৃত্যু শুধু একটি পরিবারের কান্না নয়, এটি তরুণ সমাজে বাড়তে থাকা নেশা প্রবণতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সাময়িক কৌতূহল বা ‘শখের নেশা’ যে কত ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, জাহিদের মৃত্যু যেন তার নির্মম উদাহরণ।
সহপাঠীদের অনেকে বলছেন, হাসিখুশি ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত জাহিদের এমন মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে, তরুণদের মধ্যে পরীক্ষামূলকভাবে মাদক গ্রহণ, বন্ধু মহলের প্রভাব ও সচেতনতার অভাব অনেক সময় প্রাণঘাতী ঝুঁকিতে ঠেলে দেয়। সামান্য কৌতূহল, বন্ধুদের সঙ্গে আড্ডা আর একবার ‘ট্রাই’- এমনভাবেই অনেক তরুণ নেশার ফাঁদে পা বাড়ায়। কিন্তু সেই শখই কখনো কেড়ে নেয় জীবন।
জাহিদের মৃত্যু যেন আবারও মনে করিয়ে দিল-মাদক শুধু শরীর নয়, স্বপ্নও হত্যা করে। একজন কলেজছাত্রের জীবন এভাবে ঝরে যাওয়া শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়, সমাজের জন্যও এক সতর্কবার্তা।
রাজশাহী প্রতিনিধিঃ 



















