
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নিশ্চিত করতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (২২ জুলাই) সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই দিন রুল জারির বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান। রুলের জবাব দিতে বলা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে।
জারি করা রুলে হাইকোর্ট জানতে চেয়েছেন, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।
এছাড়া রুলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ২৬ ধারার অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কমপক্ষে স্নাতক পাস নিশ্চিত করার নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
উল্লেখ্য, এই রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।
দৈনিক অধিকার ডেস্কঃ 





















