
মাগুরা থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী শিশু আয়েশা নূরকে ফরিদপুর জেলার কামারখালী টোল প্লাজা এলাকা থেকে নিরাপদে উদ্ধার করেছে মাগুরা জেলা পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (২৬ জুলাই) সকালে আয়েশা নূর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরিবারের সদস্যরা তাকে একটি অটোরিকশায় তুলে দেন। তবে নির্ধারিত সময়ে বাড়িতে না ফেরায় উদ্বিগ্ন হয়ে পরিবার বিষয়টি মাগুরা জেলা পুলিশকে জানায়।
অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন স্থানে সমন্বিত অভিযান চালিয়ে শেষ পর্যন্ত ফরিদপুরের কামারখালী টোল প্লাজা এলাকা থেকে শিশুটিকে সুস্থ ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়।
শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে সক্ষম হওয়ায় মাগুরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আয়েশা নূরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মাগুরা প্রতিনিধি: 






















