
শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়; বরং একটি জাতির নৈতিক ভিত্তি ও ভবিষ্যৎ গঠনের অন্যতম প্রধান শক্তি বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, শিক্ষার ভিত্তি শক্তিশালী না হলে জাতি ও সমাজ ভেঙে পড়বে। তাই নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম বর্ষপূর্তি এবং বাংলাদেশ নন-গভর্নমেন্ট স্কুল বোর্ড সোসাইটি, দিনাজপুরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে ব্যর্থ হলে জাতি অনৈতিকতার পথে ধাবিত হবে। শৈশবে অর্জিত শিক্ষা ও সংস্কার একজন মানুষকে সারা জীবন সঠিক পথে চলতে সহায়তা করে। এ কারণে শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠনমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
শিক্ষাব্যবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি বিগত সরকারকে সমালোচনা করেন। তার দাবি, আগের সরকার শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে গেছে। এ সময় তিনি বলেন, স্বাধীনতার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দিয়েছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, শুধু শিক্ষা অর্জন করলেই হবে না; অর্জিত জ্ঞান ও নৈতিক মূল্যবোধ নিজেদের জীবনেও ধারণ করতে হবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়নে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের তাৎপর্য তুলে ধরে সংসদ সদস্য বলেন, এটি কেবল একটি স্লোগান নয়; বরং অন্তরের গভীর থেকে উঠে আসা বাস্তবতার প্রতিফলন। এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন শরিফ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
অধিকার ডেস্কঃ 





















