
শারদীয় দুর্গাপূজার ছুটিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এর মধ্যেই প্রতিষ্ঠানপ্রধানদের জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করাই এসব নির্দেশনার মূল বিষয়।
মঙ্গলবার মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হকের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতিব জরুরি’ উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি আকস্মিক পরিদর্শনে যান। এর মধ্যে ছিল রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা।
এ অবস্থায় ঢাকা মহানগরীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
১) শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২) কোথাও পানি জমে আছে কি না তা পরীক্ষা করে দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
৩) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে।
৪) প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের উদ্দেশে দেওয়া এ বিজ্ঞপ্তিতে বিষয়টির গুরুত্ব বোঝাতে ‘অতিব জরুরি’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।
অধিকার ডেস্কঃ 




















