
মিয়ানমারের স্ক্যাম কম্পাউন্ড থেকে পালিয়ে থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন। নির্ধারিত সূচি অনুযায়ী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেল ৪টা ২০ মিনিটে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফেরা তিনজন হলেন মো. সাইদুর রহমান, রবিউল ও মো. সোহেল রানা।
ভুক্তভোগী ও তাঁদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অনির্বাণ সারভাইভর ভয়েস ফাউন্ডেশন। এ লক্ষ্যে গত ২৪ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে প্রয়োজনীয় সহায়তা চেয়ে আবেদন করে সংগঠনটি।
আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক মো. সাইদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিবকে (শ্রম) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। চিঠিতে থাইল্যান্ডের মায়ে সট ইমিগ্রেশনের রেফারেল মেকানিজমের অধীনে সেফ হোমে থাকা আট বাংলাদেশিকে মুক্ত করে দেশে পাঠানোর পদক্ষেপ নিতে বলা হয়।
সেই আটজনের মধ্যে তিনজন আজ দেশে ফিরছেন। বাকিরা দেশে ফেরার আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন।
অধিকার ডেস্কঃ 





















