
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাত্র ১১ দিনের ব্যবধানে মারা গেছে প্রবাসী বাংলাদেশি এক পরিবারের দুই সন্তান। তাদের মধ্যে বড় ভাই শাহ আদ্রীর বয়স ছিল ২৬ বছর, আর ছোট ভাই শাহ ওয়াদির বয়স মাত্র ১০ বছর।
পরিবার ও স্বজনদের বরাতে জানা গেছে, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান শাহ আদ্রী। তিনি সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেছিলেন।
বড় ভাইয়ের মৃত্যুর ১১ দিন পর বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি। জ্বরে আক্রান্ত হওয়ার পর তাকে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। দীর্ঘদিন প্রবাসে থাকলেও গ্রামের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ ও সম্পর্ক রয়েছে।
নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, ৩ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় শাহ আদ্রীর মৃত্যু হয়। এরপর জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।
এদিকে অল্প সময়ের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকের মধ্যে রয়েছেন তাদের বাবা-মা। স্বজনদের বরাতে জানা গেছে, শোকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ। দুই ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন মা-ও।
শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের এমন অকালমৃত্যুর ঘটনায় স্বজন, পরিচিতজন ও গ্রামের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
অধিকার ডেস্কঃ 

























