
সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের ঘটনায় ক্ষতিগ্রস্ত সৌদি এয়ারলাইনসের যেসব যাত্রী এখনো নিজেদের লাগেজ ফেরত পাননি, তাঁদের অনলাইনে হারানো লাগেজের অভিযোগ জমা দিতে বলেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়

সংশ্লিষ্ট যাত্রীরা সৌদি এয়ারলাইনসের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে অভিযোগ দাখিল করতে পারবেন। এজন্য https://mybag.aero/baggage/#/pax/saudia/en-gb/main-menu লিংকে প্রবেশ করে ‘লস্ট ব্যাগেজ ক্লেম’ অপশনটি বেছে নিতে হবে।
দূতাবাস আরও জানায়, ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যান্য এয়ারলাইনসের যাত্রীদের লাগেজ সম্পর্কিত তথ্য পাওয়া গেলে যথাসময়ে তা জানানো হবে।
দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করল বিমান
এদিকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত ২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের ঢাকা–দাম্মাম রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।
একই কারণে ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত সময়সূচি যথাসময়ে জানানো হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই চলবে।
জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যেতে পারবেন। একইভাবে এসব বিমানবন্দর দিয়ে দেশে ফিরতেও পারবেন তাঁরা।
অধিকার ডেস্কঃ 

























