
পারস্য উপসাগরে অবৈধভাবে তেল পরিবহনের অভিযোগে চারটি জ্বালানিবাহী জাহাজে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটির দাবি অনুযায়ী, নৌবাহিনীর এই অভিযানের পর চারটি জাহাজেই আগুন ধরে যায়। একই সময়ে হরমুজ প্রণালির পশ্চিমাংশে আরও তিনটি জাহাজ সামুদ্রিক মাইনে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।
বৃহস্পতিবার প্রকাশিত এক জরুরি বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, বুধবার পারস্য উপসাগরে চারটি অবৈধ তেলবাহী জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়। এরপরই তারা একযোগে অভিযান চালায়।
আইআরজিসি জানিয়েছে, এটি শুধু প্রতিরোধমূলক পদক্ষেপ নয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক সামরিক তৎপরতা অব্যাহত থাকলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে এর চেয়েও বড় পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।
নৌ অবরোধের প্রতিবাদ, জাতিসংঘে চিঠি
এদিকে পারস্য উপসাগরীয় অঞ্চল ও ইরানের কৌশলগত বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনার বরাতে জানা যায়, জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি গোলামহোসেইন দারজি একটি চিঠিতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। চিঠিতে তিনি নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন বন্ধ ও নৌ অবরোধ তুলে নিতে নির্দেশ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, যেকোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার ইরানের রয়েছে এবং তেহরান সেই অধিকার প্রয়োগ করবে।
আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
অন্যদিকে, ইরানের সঙ্গে সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় আলোচনা চলছে কি না, এ নিয়ে বিশ্বজুড়ে গুঞ্জন থাকলেও তা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে খুব শিগগির সংকটের একটি সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প দাবি করেন, সামরিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সুবিধাজনক অবস্থানে আছে। চলমান পরিস্থিতিকে তিনি ইরানের বিরুদ্ধে একটি ছোটখাটো সংঘাত হিসেবে বর্ণনা করেন। ট্রাম্প বলেন, তাঁরা কোনো আলোচনা করছেন না, তবে যেকোনোভাবেই হোক বিষয়টির নিষ্পত্তি হবে এবং তা খুব দ্রুতই হবে।
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন নির্বাচনের পরপরই মধ্যপ্রাচ্যে বড় কোনো ঘটনা ঘটতে পারে।
অধিকার ডেস্কঃ 























