
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ১৮ জন এবং ছাত্রী ১ হাজার ১১৯ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ জ ম রেজউল করিম খান। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক ও কলেজ পরিদর্শক অধ্যাপক এস এম আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।
বোর্ডের প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। তবে পরীক্ষায় অংশ নেন ৭০ হাজার ৬৭৩ জন। তাঁদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৩৭ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৬৩৬ জন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৩৬ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বাইরে জিপিএ ৪ থেকে ৫-এর নিচে পেয়েছেন ৮ হাজার ১৯৫ জন এবং জিপিএ ৩ দশমিক ৫০ থেকে ৪-এর নিচে পেয়েছেন ৮ হাজার ৫১৮ জন।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১১৩টি কেন্দ্রে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা পাঁচটি। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৯টি প্রতিষ্ঠানের।
বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৫ দশমিক ৫৬ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে ময়মনসিংহ জেলায় পাসের হার সবচেয়ে বেশি, ৫৯ দশমিক ৩৩ শতাংশ। এ ছাড়া শেরপুরে ৪৫ দশমিক ৬৫, নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ এবং জামালপুরে ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
অধিকার ডেস্কঃ 





















