
দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি (NTV)-এর ২৪ বছর পূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। গত শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা শহরের স্কাউট ভবনস্থ আব্দুর রশিদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এনটিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. শহিদুল ইসলাম অলক।
আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক তসলিম উদ্দিন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মাজহারুল ইসলাম তরু, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসলাম কবির, চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জু এবং সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগানকে সঙ্গী করে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। এরপর প্রায় দুই যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, রুচিশীল অনুষ্ঠান নির্মাণ এবং বৈচিত্র্যময় বিনোদনমূলক কনটেন্টের মধ্য দিয়ে দেশের কোটি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করে নিয়েছে চ্যানেলটি। বক্তারা আরও উল্লেখ করেন, শুধু সংবাদ পরিবেশনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে তথ্যবহুল, শিক্ষামূলক, সাংস্কৃতিক ও ধর্মীয় নানা অনুষ্ঠান প্রচারের মাধ্যমে এনটিভি দেশের দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ভবিষ্যতেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের এই ধারাবাহিকতা অব্যাহত রেখে চ্যানেলটি আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এনটিভির ২৪ বছরে পদার্পণের এই বিশেষ মুহূর্ত উদযাপন করা হয়। পরিশেষে উপস্থিত অতিথিবৃন্দ এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।
নিজস্ব প্রতিবেদকঃ 























