
জাতীয় পদক অর্জন করায় নাটোরের নলডাঙ্গার কৃতী স্বেচ্ছাসেবী মো. ফজলে রাব্বীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় নলডাঙ্গা বাজারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ নলডাঙ্গা’র উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বহু স্বেচ্ছাসেবী ও সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এসব মানুষের কার্যক্রমকে উৎসাহিত করা এবং তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও অনুপ্রেরণা বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
আয়োজকদের ভাষ্য, এটি শুধু একজন জাতীয় পদকপ্রাপ্ত ব্যক্তিকে সম্মান জানানোর অনুষ্ঠান নয়। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে মাঠপর্যায়ে কাজ করা স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি এবং নতুনদের অনুপ্রাণিত করারও একটি উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পজেটিভ নলডাঙ্গার প্রধান উপদেষ্টা জিয়াউল হক জিয়া, উপদেষ্টা মামুনুর রশিদ ও আব্দু বারিক, সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক তারেক হোসেন, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম ডাবলু, বিবিসিএফ নাটোর কমিটির সদস্য ও সবুজ বাংলার পরিবেশবিষয়ক সম্পাদক সাংবাদিক হুমায়ুন রশিদসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশেদ আলম, আলমগীর কবির, সান্টু ইসলাম ও সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
সংবর্ধিত মো. ফজলে রাব্বী বলেন, জাতীয় পদক অর্জনের এই স্বীকৃতি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে যাওয়া অসংখ্য স্বেচ্ছাসেবী, সহকর্মী ও বিভিন্ন সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার ফল এই অর্জন।
তিনি বলেন, শুধু বন্যপ্রাণী উদ্ধার করলেই সংরক্ষণ নিশ্চিত হয় না। বন্যপ্রাণী ও প্রকৃতি সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে হলে মানুষের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।
বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান ফজলে রাব্বী। একই সঙ্গে তাকে সংবর্ধনা দেওয়ায় ‘পজেটিভ নলডাঙ্গা’ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাজেদুর রহমান, নাটোর 
























