
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ তাদের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এনামুল হককে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার, ১ সেপ্টেম্বর থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ডে ২৫ বছরের কর্মজীবনে এনামুল হক বাংলাদেশসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। স্থানীয় করপোরেট ব্যাংকিং, কমোডিটি ট্রেডিং ও এগ্রিবিজনেস, গ্লোবাল সাবসিডিয়ারিজ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস খাতে তাঁর ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে এনামুল হক বলেন, আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অনন্য সংযোগ ও সক্ষমতাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো তাঁর অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, ক্লায়েন্ট ও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি সবার কাছে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে ব্যাংকটির অবস্থান আরও সুদৃঢ় করতে তিনি কাজ করবেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ২০২৫ সালের এপ্রিল থেকে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কান্ট্রি চিফ রিস্ক অফিসার ও সিনিয়র ক্রেডিট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ব্যাংকটির ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাজীবনে এনামুল হক অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির মাউন্ট এলিজা বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন।
কর্মজীবনের বাইরে এনামুল হক ভ্রমণ করতে পছন্দ করেন। চিত্রকলার প্রতিও তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
অধিকার ডেস্কঃ 






















