
ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে কলেজের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক সংবর্ধনা প্রদান করা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকনুজ্জামান রোকন এবং জেলা মোটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে বেশি করে গাছ লাগানোর গুরুত্বের ওপর জোর দেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এ ছাড়া দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিনও বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক পূর্ণলক্ষ্মী দেবনাথ ও প্রভাষক আজহারুল হক ফাহিম।
সংবর্ধিত অতিথি সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজটি দীর্ঘ পথচলায় নানা চড়াই-উতরাই পেরিয়ে ময়মনসিংহের অন্যতম গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে কলেজটিতে সাতটি বিষয়ে অনার্স পাঠদান করা হচ্ছে। উচ্চমাধ্যমিক শ্রেণিতে প্রায় ২ হাজার ১০০ জন এবং অনার্স শ্রেণিতে প্রায় ২ হাজার ৮০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধিঃ 























