
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টা ৫০ মিনিটে তিনি বিমানযোগে সেখানে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। এ ছাড়া উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (রউক) চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।
অভ্যর্থনা শেষে প্রধানমন্ত্রী বাসযোগে সৈয়দপুর থেকে রংপুরের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর আজকের সফরসূচি
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর পৌঁছান। সেখান থেকে সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হবেন।
রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণের পর দুপুর দেড়টায় তিনি ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
পরে রাজশাহী থেকে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ ঘুরে দেখবেন তিনি। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন।
অধিকার ডেস্কঃ 






















