
বিগত সরকারের বিরুদ্ধে স্বাস্থ্যখাতে লুটপাট ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে। বর্তমান সরকার গ্রাম থেকে শহর—সব এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (আরডিএফ) উদ্যোগে কসবা ও আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যখাতের কার্যক্রমে গতি ফিরিয়ে আনা এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছে।
দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর অবকাঠামো ও সেবার সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৯ সালে ১৯ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে এসব হাসপাতালের শয্যাসংখ্যা ৫০-এ উন্নীত করা হয়। এরপর আর কোনো সরকার শয্যাসংখ্যা বাড়ায়নি বলে দাবি করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি হাসপাতালের শয্যাসংখ্যা ১৫১-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুতগতিতে কাজ চলছে বলে জানান তিনি।
কসবা ও আখাউড়া উপজেলায় চালু হওয়া মোবাইল হাসপাতাল কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমের আওতায় সাধারণ চিকিৎসা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, দাঁতের চিকিৎসা, রোগনির্ণয় পরীক্ষা এবং বিনা মূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা থাকবে।
আয়োজকদের লক্ষ্য, মোবাইল হাসপাতালের মাধ্যমে দূরবর্তী এলাকার মানুষকে তাঁদের কাছাকাছি স্থানে প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতারা।
অধিকার ডেস্কঃ 






















