
তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি ও কিশোর গ্যাংয়ের ঝুঁকি কমানো এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে দেশব্যাপী বহুমুখী উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায় থেকে ১০–১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা আয়োজনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সোমবার জাতীয় সংসদে সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর এক প্রশ্নের লিখিত জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এসব তথ্য জানান।
প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস, সাঁতার, দাবা ও মার্শাল আর্ট।
সংসদ সদস্য তাঁর প্রশ্নে উল্লেখ করেন, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদকাসক্তি এবং কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়ার ঝুঁকি কমানো ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা জরুরি। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের সমন্বয়ে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, প্রশিক্ষণ এবং সবার জন্য উন্মুক্ত ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি।
জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, তরুণদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা, মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এর আওতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।
১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ
তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
তিনি জানান, ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আটটি ইভেন্টের প্রতিটির জন্য তিনজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
অর্থাৎ মোট ১১ হাজার ৮৮০টি পদে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানান তিনি।
বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি তুলে ধরে আমিনুল হক আরও বলেন, সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশের ক্রীড়া ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিভাবান ও মেধাবী খেলোয়াড় শনাক্তকরণে কাজ করছে।
এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভার বিকাশের সুযোগ সৃষ্টি এবং তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রতিমন্ত্রী।
অধিকার ডেস্কঃ 























