
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন নিয়ে মতবিরোধের মধ্যেই সোমবার তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। ইউরোপে তাপপ্রবাহ, নেপালে ভয়াবহ বন্যা এবং শক্তিশালী এল নিনোর পূর্বাভাসের প্রেক্ষাপটে এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনের উদ্বোধনী দিনে বিশ্বনেতাদের উদ্দেশে বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চরম আবহাওয়ার কারণে গত এক বছরে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা তুলে ধরে জলবায়ু সংকট মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমরা জলবায়ুর চরম পরিস্থিতির এক নতুন যুগে প্রবেশ করেছি।’
বিশ্বনেতাদের উদ্দেশে জাতিসংঘের বিদায়ী মহাসচিব আরও বলেন, ‘কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা নিশ্চিত করে এখনই গুরুত্বের সঙ্গে পদক্ষেপ নিতে হবে।’
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলের শহর আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিতে বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার প্রতিনিধি জড়ো হয়েছেন। ২০ নভেম্বর পর্যন্ত চলবে এ সম্মেলন। এতে সরকারপ্রধান, মন্ত্রী, জলবায়ু আলোচক, বিজ্ঞানী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন এবং অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে অর্থায়ন-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করার দাবি নিয়ে রোববার গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে।
জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুযায়ী, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ঐতিহাসিকভাবে দায়ী উন্নত দেশগুলোর কাছ থেকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলো আর্থিক সহায়তা পাওয়ার কথা। তবে দরিদ্র দেশগুলোর অভিযোগ, প্রতিশ্রুত ও প্রাপ্ত সহায়তার পরিমাণ তাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) প্রকাশিত ‘এমিশনস গ্যাপ রিপোর্ট’ অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার প্রয়োজন হবে। অথচ ২০২৪ সালে আন্তর্জাতিক পর্যায়ের সরকারি অর্থায়নে এ খাতে পাওয়া গেছে মাত্র ২৮ দশমিক ২ বিলিয়ন থেকে ৩১ দশমিক ৭ বিলিয়ন ডলার।
অর্থায়নের প্রয়োজন ও প্রাপ্ত সহায়তার মধ্যে এই ব্যবধান এবারের সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
অধিকার ডেস্কঃ 
























