
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামস-কে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মো. নাজমুল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদেও কর্মরত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।
আটকের পর তাকে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
দৈনিক অধিকার ডেস্ক 


















