
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের সাম্প্রতিক উসকানিমূলক কার্যক্রম, প্রশাসনকে হুমকি প্রদান এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার বিকেল ৫টায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুলশান-২ সার্কেলে এসে শেষ হয়। মিছিলে ঢাকায় অবস্থিত প্রায় ৪৫ থেকে ৫০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
নেতৃত্বে যারা ছিলেন
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা। এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), সিনিয়র সহ-সভাপতি রিসালাত ইসলাম সজীবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্য
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি মো. আবু হোরায়রা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী তৎপরতার মোকাবেলায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, দেশের সংকটকালীন সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় দায়িত্বশীল ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও একইভাবে দেশের স্বার্থে সক্রিয় থাকতে হবে। তিনি নেতাকর্মীদের নিজ নিজ ক্যাম্পাসে সতর্ক থেকে যেকোনো অবৈধ ও উসকানিমূলক কার্যক্রমের বিরুদ্ধে সাংগঠনিকভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সাধারণ সম্পাদকের বক্তব্য
সাধারণ সম্পাদক এম. রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু) বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ যে কর্তৃত্ববাদী শাসনের কষ্ট ভোগ করেছে, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় সোচ্চার থাকবে।
তিনি নেতাকর্মীদের দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার এবং প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সচেতন ও সংগঠিত রাখার আহ্বান জানান।
সমাবেশে অংশগ্রহণকারী নেতারা দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষাঙ্গনে শান্তি বজায় রাখার পক্ষে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দৈনিক অধিকার ডেস্ক 























