
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা।
সোমবার (২০ জুলাই) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ইতিহাস চর্চা, দেশপ্রেম, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করেন আয়োজকরা।
রচনা প্রতিযোগিতায় ‘আমার দেখা জুলাই’, ‘জুলাই গণঅভ্যুত্থান: পটভূমি, তাৎপর্য ও নতুন বাংলাদেশের স্বপ্ন’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থান ও জাতীয় ঐক্য’ শীর্ষক বিষয়ে লেখা আহ্বান করা হয়। আবৃত্তি প্রতিযোগিতায় ছিল জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কবিতা আবৃত্তির আয়োজন। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিষয় নির্ধারণ করা হয় ‘আমার চোখে জুলাই’ এবং উন্মুক্ত বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন, সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন, জুনিয়র লাইব্রেরিয়ান মোছা. মাহফুজা খাতুন এবং ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আয়োজকরা জানান, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে নতুন প্রজন্মের কাছে অর্থবহভাবে তুলে ধরতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
নিজস্ব প্রতিবেদকঃ 






















